টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। ১৫ অক্টোবর আসরের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে তার দলের। অন্যদিকে ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
আইপিএলের ব্যস্ততার কারণে এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচও তাই খেলা হয়নি তার।
বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও যে খেলা হচ্ছে না সাকিবের, এটা এক রকম বলাই যায়। প্রশ্ন বরং, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই সাকিবকে পাওয়া যাবে কিনা সেটা।
বুধবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলছে সাকিবের দল কলকাতা। এ ম্যাচে জিতলে ফাইনালে খেলবে কলকাতা।
যদি কলকাতা হেরে যায়, তবে আগেভাগেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। আর ফাইনালে গেলেও সমস্যা দেখছেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বুধবার ঢাকায় সংবাদমাধ্যমকে নান্নু বলেন, ‘সাকিবের ব্যাপারটি ক্রিকেট অপারেশনস কমিটি দেখছে । এই মুহূর্তে এখান থেকে বলা কঠিন। আমরা অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাকে পাব বলে আশা করি।’
দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ এখন আবুধাবিতে রয়েছে। বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে ওমানে। জানা গেছে, ওমানে গিয়ে সাকিবকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তাই ওমানে দলের সঙ্গে সরাসরি যোগ দিতে তার কোন সমস্যা নেই। সে ক্ষেত্রে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই হয়তো মাঠে সাকিবকে পাবে বাংলাদেশ।
