লিগ ওয়ানের ২০২৩-২৪ মৌসুম আয়োজিত হবে ১৮ দল নিয়ে। বর্তমানে ২০ দল নিয়ে আয়োজিত হয় ফ্রান্সের এই শীর্ষ ফুটবল লিগ।
দল কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ প্রফেশনাল লিগ (এলএফপি)। এমনটাই জানায় আরএমসি স্পোর্ট।
বুধবার নিজেদের ওয়েবসাইটে আগামী মৌসুমের প্রাথমিক সূচি প্রকাশ করেছে লিগ ওয়ান। আগামী ৬ ও ৭ আগস্ট মাঠে গড়াবে ফ্রান্সের শীর্ষ লিগের ২০২২-২৩ আসর। পর্দা নামবে ২০২৩ সালের ৪ জুন।
লিগ ওয়ানের ওয়েবসাইটে আরও জানানো হয়, শীর্ষ লিগের চার দলের অবনমন হবে লিগ-২ এ। আর লিগ-২ এর ওপরের দুটি দল উন্নীত হবে লিগ ওয়ানে।
গত জুলাইয়ে শীর্ষ বিভাগে দল কমানোর বিষয়ে ক্লাবগুলোর মধ্যে সাধারণ সভা হয়। তবে এই পরিকল্পনার বিরোধিতা করে একমাত্র ভোটটি দেয় মেত্জ। লিগ ওয়ানের চলতি মৌসুমে ক্লাবটি আছে অবনমন অঞ্চলে।
এর আগে থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কেবল জার্মান বুন্দেসলিগা আয়োজিত হয়ে আসছে ১৮ দল নিয়ে। এছাড়া ইউরোপের অন্যান্য জনপ্রিয় লিগ ডাচ ইরেদিভিসি ও পর্তুগালের প্রিমেইরা লিগও আয়োজিত হয় ১৮ দল নিয়ে।
এদিকে, কাতার বিশ্বকাপের সূচি বিবেচনায় নিয়ে ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ানের সময়সূচিও প্রকাশ করেছ লিগ ওয়ান। বিশ্বকাপের আট দিন আগে হবে লিগটির ১৫তম রাউন্ড। আর বিশ্বকাপ শেষের ১০ দিন পর ফের মাঠে ফিরবে লিগ ওয়ান।
