ব্যস্ততায় কেটে গেল পূজা

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১০:৫৬ পিএম

শিসপ্রিয়াখ্যাত সংগীতশিল্পী অবন্তী সিঁথি পূজার সময় ভীষণ ব্যস্ত। তিনটি নতুন গান উপহার দিয়েছেন। একাধিক টিভি শো, রেকর্ডিং সব চলছে পূজার মধ্যেই। এসব নিয়ে কথা বলেছেন তিনি

পূজা...

এবারের পূজাটা সত্যি অন্যরকম কাটছে। আমার কাজের ব্যস্ততা এত বেশি যে আলাদা করে পূজা উদ্যাপনের কথা ভাবতেই পারিনি। তাই বাবা-মাসহ সবাই আমাকে ঢাকায় রেখে গ্রামের বাড়ি চলে গেছেন পূজা উদ্যাপন করতে। এবার আর রং খেলা হলো না। তবে দুর্গা মায়ের কাছে প্রার্থনা, তিনি সবাইকে ভালো রাখুন। সমাজটা পজিটিভিটিতে ভরে উঠুক।

দশমীতে লাইভ শো...

গতকাল গভীর রাত থেকেই বিজয়া দশমীর আমেজ শুরু হয়েছে। এটিএন বাংলা চ্যানেলে পূজা স্পেশাল লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছি। সহশিল্পী ছিলেন শুভ্রদেব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাপ্পা মজুমদার। আর আজ রাতেও নাগরিক টিভির লাইভ অনুষ্ঠানে গাইব আমি আর মেজবাহ বাপ্পী। তিন-চারটি সলো আর কয়েকটি ডুয়েট গান গাইব। শ্রোতাদের শোনার আমন্ত্রণ।

পূজার গান...

এবার পূজার কথা ভেবে চারটি গান করেছি। এর মধ্যে তিনটি এরই মধ্যে প্রকাশ হয়েছে। সবচেয়ে আগে প্রকাশ হয়েছে ‘পূজা এবার জমে যাবে’ গানের ভিডিও। দুই বাংলার ১০ জন শিল্পী মিলে গানটি গেয়েছি। অন্য শিল্পীরা হলেন কুমার বিশ^জিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, সুকন্যা মজুমদার, কিশোর দাস, কেশব রায় চৌধুরী ও বাঁধন সরকার পূজা। গানটি প্রকাশ করেছে গানছবি এন্টারটেইনমেন্ট। এই গানের জন্য সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। আরও এসেছে আমার একক গান ‘জয় মা দুর্গা’। আরেকটি জয়ের সঙ্গে ডুয়েট গান। এ ছাড়া আরেকটি ভিন্ন রকম গান আজ প্রকাশের কথা রয়েছে। এই গানটি নিয়েও আমি অনেক আশাবাদী।

প্লেব্যাকে...

অনেকেই বলেন, আমার কণ্ঠ নায়িকার ঠোঁটে খুব ভালো মানাবে। জি-বাংলা সারেগামাপা থেকে বেরোনোর পর সেভাবে এখনো প্লেব্যাক করা হয়নি। সম্প্রতি মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ানের প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-এর ‘রূপকথার জগতে’ গানটি গেয়ে দারুণ সাড়া পেয়েছি। এর আগেও এই পরিচালকের ‘যদি একদিন’ ও ‘শুভ+নীলা’ নাটক দুটিতেও আমি গেয়েছিলাম। আরিয়ান একটি দীর্ঘ সিরিয়ালের কাজ করছেন। সেই নাটকের জন্য ‘নিটোল প্রেমের গল্প’ নামে একটি ডুয়েট গান করেছি আমি আর মাহতিম শাকিব। এই গানটিও দর্শকের মধ্যে ভালো সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।

মেধাই আসল...

অনেকে ভাবেন, ব্যক্তিগত পরিচয় কিংবা যোগাযোগের মাধ্যমে ক্যারিয়ার ওপরে ওঠে। এটা কিন্তু পুরোটা সত্যি নয়। লবিং করে আপনি একটা সুযোগ হয়তো পাবেন, কিন্তু মেধা না থাকলে দ্বিতীয়বার আর ডাক পাবেন না। আমি খুবই ভাগ্যবান যে, যাদের সঙ্গেই কাজ করি, তারা আমাকে দ্বিতীয়বার আবারও কাজের সুযোগ দেন। আসলে গানটা ভালো গাইতে না পারলে বারবার সুযোগ মেলে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত