একের পর এক চমক দিচ্ছেন জনপ্রিয় তারকা আজমেরী হক বাঁধন। গতকাল তিনি খবরের শিরোনামে ছিলেন এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডে বিশে^র নানা প্রান্তের অভিনেত্রীদের সঙ্গে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে। আর আজ তিনি আবারও আলোচনায় নেটফ্লিক্সের আলোচিত প্রযোজনা ‘খুফিয়া’ নিয়ে। বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় নিয়ে গত মাসে আলোচনা তৈরি হয়। অবশেষে সেই সুযোগটি পেয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী। তবে অফিশিয়াল ঘোষণা না আসা পর্যন্ত একেবারেই চুপটি মেরে ফিলেন এই তারকা। বাঁধন এখন ‘খুফিয়া’র শ্যুটিং করছেন দিল্লিতে। কাজের ফাঁকে দেশ রূপান্তরের সঙ্গে বেশ লম্বা আলাপের শুরুতেই তিনি বলেন, ‘আমি এখানে কাজ করতে এসে ভীষণ সম্মানিত বোধ করছি। কলকাতায় কাজ করার পর থেকে সবাই প্রশ্ন করতেন, আমাদের দেশ থেকে কোনো পার্থক্য পেলাম কি না। আসলে তেমন কোনো পার্থক্য পাইনি। তবে বলিউডের ছবিতে কাজ করতে এসে সত্যিই অন্যরকম মনে হচ্ছে। সেটের প্রতিটি লোক এত অর্গানাইজড, বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা আর্টিস্টের জন্য আলাদা গাড়ি থেকে শুরু করে সব সুবিধা দেওয়া হচ্ছে। তার চেয়ে বেশি ভালো লেগেছে তারা আমাকে যে সম্মান দিয়েছেন। বিশাল ভরদ্বাজের মতো পরিচালক এমন কেয়ারিং হবেন তা আমার ধারণারও বাইরে ছিল। যার কাজ পর্দায় খুব পছন্দ তার সঙ্গে বাস্তবে সাক্ষাৎ হওয়ার পর বেশির ভাগ ক্ষেত্রেই মোহ কেটে যায়। কিন্তু তিনি আরও বেশি মুগ্ধ করেছেন আমাকে। গত বুধবার এ ছবিতে আমার নাম ঘোষণা হওয়ার পর তিনি বললেন, সেলিব্রেশন হওয়া উচিত। আমরা যে হোটেলে আছি সেখানে প্রত্যেকের সঙ্গে তিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অতিথি বলে।’
বলিউডের ছবি, বিশাল ভরদ্বাজের মতো পরিচালক কিংবা নেটফ্লিক্সের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাজ বলেই কি একবাক্যে রাজি হওয়া? বাঁধন বলেন, ‘এসবের চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ ছবির গল্প কী? গল্প শুনেই আমার ভালো লেগেছে। আমার চরিত্রটি আরও ইন্টারেস্টিং।’ এ ছবিতে আরও অভিনয় করছেন বলিউডের অন্যতম শক্তিমান অভিনেত্রী টাবুসহ জনপ্রিয় তারকা আলী ফজল, আশীষ বিদ্যার্থী প্রমুখ। সহশিল্পী নিয়ে বাঁধন বলেন, ‘আমি টাবুর সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। তার মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করা, সময় কাটানো লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তিনি পর্দায় যত সিরিয়াস অভিনয় করেন, বাস্তবে তেমনি ফানি। সেটে অনেক জোকস বলে আমাদের হাসান। এমনকি আমাকে নিজ থেকেই বললেন, বাংলাদেশে আমার বন্ধু আছে। আমাদের প্রিয় চিত্রনায়িকা চম্পা।’ বাঁধন জানান, বাংলাদেশ ও বাঙালিদের ভীষণ শ্রদ্ধার চোখে দেখেন পরিচালক বিশাল ভরদ্বাজ ও তার স্ত্রী বিখ্যাত গায়িকা রেখা ভরদ্বাজও। তিনি গাইতে পারেন না জেনে বিশাল বিশ^াসই করছিলেন না। কারণ তার জানা মতে, বাঙালির জিনে মিশে আছে কৃষ্টি কালচার। রেখা ভরদ্বাজ বাঁধনকে বললেন, ‘বাংলাদেশে নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও শিল্পী সুজিত মোস্তফা দম্পতি আমার বন্ধু।’ খুফিয়ায় যুক্ত হওয়ার গল্পও শোনালেন বাঁধন, ‘রেহানা মরিয়ম নূরের প্রযোজক জেরিমি আর বলিউডের আরেক বিখ্যাত পরিচালক অনুরাগ ক্যাশপ বন্ধু। কান উৎসবে আমাদের দেখা হয়। তখনই অনুরাগ তাদের এই ছবিটির জন্য আমাকে অডিশন দিতে বলেন। আমি দেশে ফিরে অডিশন দিই। এরপর নির্বাচিত হই। গত মাসের শেষের দিকে লুক টেস্ট করতে মুম্বাই আসি। এবার শ্যুটিংয়ের জন্য এসেছি ১০ অক্টোবর। এর আগে টেবিল রিডিং হয়েছে, যেখানে সব তারকা কাস্টিং উপস্থিত ছিলেন। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এ মাসের পুরোটা সময় বিরতি দিয়ে আমার শ্যুটিং হবে। ফিরব এ মাসের শেষে।’
