বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ গতকাল বৃহস্পতিবার রাতে দেশ রূপান্তরকে বলেছেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক কিছু পরীক্ষার ফলাফল আমরা পেয়েছি। আরও কিছু পাব। তারপরই আগামীকাল শনিবার তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বসবে। তারা পরীক্ষার ফলগুলো পর্যালোচনা করবে। প্রয়োজন হলে নতুন চিকিৎসা দেওয়া হবে।’ এদিকে গতকাল এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর গত বুধবার বিকেলে আমি হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। চিকিৎসকরা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। চেয়ারপারসনের যেসব সমস্যা দেখা দিয়েছে তার চিকিৎসা দেশে সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন।’
গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা চেকআপের জন্য হাসপাতালে নেন তাকে। পরীক্ষা-নিরীক্ষা করার সুবিধার্থে চিকিৎসকরা তাকে ভর্তি হতে বলেন। পরে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনা থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস সিসিইউতে ছিলেন। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর কারাদ- হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে তার ছয় মাসের সাজা স্থগিত করে মুক্তি দেয়। এরপর আরও তিন দফায় সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার।
সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া : খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী আজ জুমার নামাজের পর দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা কর্মসূচি ডেকেছে বিএনপি। গতকাল বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীকে দোয়া-মোনাজাত ও প্রার্থনায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।
এদিকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আজ দেশব্যাপী জেলা ও মহানগরে দোয়া মাহফিল এবং আগামী ১৬ অক্টোবর সব উপজেলা-থানা ও পৌর ইউনিটে দোয়া মাহফিল হবে। গতকাল সংগঠনের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এসব তথ্য জানান। কর্মসূচি যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল।
