হেফাজতের আহ্বান

সাম্প্রদায়িক ষড়যন্ত্র বিষয়ে সতর্ক থাকতে হবে

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৩:০৫ এএম

যারা সাম্প্রদায়িক ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী ও কওমি মাদ্রাসাসমূহের শিক্ষার্থীদের প্রতি কারও উসকানিতে কোনো ধরনের সিদ্ধান্ত না নিতে বিশেষ আহ্বান জানিয়েছেন হেফাজত নেতারা। তারা বলেছেন, ‘আন্দোলনকে পুঁজি করে কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে সে বিষয়েও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’ কুমিল্লার ঘটনার পর গতকাল রাজধানীর খিলগাঁওয়ে হেফাজত মহাসচিবের কার্যালয়ে খাস কমিটির এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে নেতারা বলেন, ‘আগামীকাল (আজ) আপাতত হেফাজতের কোনো কর্মসূচি নেই। আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ধর্ম অবমাননাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।’

হেফাজত নেতারা বলেন, ‘কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। আমরা জানতে পেরেছি, সরকার কুমিল্লার ঘটনায় পবিত্র কোরআন অবমাননায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করেছে।’

নেতারা আরও বলেন, ‘চাঁদপুরের ঘটনায় কারও উসকানি ছিল কি না, কীভাবে তিনজন মানুষ মারা গেল এর সুষ্ঠু তদন্ত করতে হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখতে হবে।’

বৈঠকে হেফাজত নেতারা আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের ষড়যন্ত্রমূলক কাজ থামাতে হলে অবশ্যই ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন পাস করতে হবে। কঠোর আইন না থাকায় কিছুদিন পরপর দেশবিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো ইসলাম অবমাননা করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। আর এতে করে প্রাণ দিতে হচ্ছে নিরীহ মুসলমানদের।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, মাওলানা মুহিবুল হক গাছবাড়ি, মাওলানা আবদুল আউয়াল খতিব ডিআইটি, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।

আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের বিবৃতি : কুমিল্লার ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে যেন কোনো ধরনের শান্তি-শৃঙ্খলা নষ্ট না হয়, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেদিকে দৃষ্টি রাখতে সর্বস্তরের মুসলিমকে শান্ত থাকারও আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী ও মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রতি নষ্ট করার জন্য কুমিল্লার পূজামন্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা-প্রতিবাদ, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তিরও দাবি জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত