নেত্রকোনায় রেলমন্ত্রী

নেত্রকোনা থেকে সিলেট রেলপথ নির্মাণ করা হবে

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১০:৫৪ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ হয়ে সিলেট পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, বর্তমান সরকার রেলপথকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজাচ্ছে। দেশের ৫৬টি রেললাইনের উন্নয়ন কাজ চলমান আছে। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণসহ দেশের অনেক জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জে ‘পৌর পাবলিক হলে’ বই প্রকাশ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ : মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’-এর মোড়ক উন্মোচন করে তিনি। ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। ১৫ আগস্ট ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৯৫তম জন্মদিন উপলক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাইফুল হাসান।

সম্প্রতি মোহনগঞ্জে রেলস্টেশনের উন্নয়নকাজ চলছে। ফলে নতুন প্ল্যাটফর্ম নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজের স্বার্থে অবৈধ দোকানপাট, ঘরবাড়ি উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রেল কর্তৃপক্ষ। এ বিষয়ে রেলমন্ত্রী বলেন, এখানে রেলওয়ে সুপার মার্কেট করার পরিকল্পনা আছে। উচ্ছেদ অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়া হবে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় ভুয়া ক্ষতিগ্রস্তদের নাম অন্তর্ভুক্ত না করার বিষয়ে সতর্ক করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত