‘ভারতকে হারাতে সাহসী ক্রিকেট খেলতে হবে’

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১১:২৫ পিএম

বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে সুপার টুয়েলভ শুরু হবে ২৪ অক্টোবর। প্রথম ম্যাচেই ভারত-পাকিস্তান লড়াই। সারা ক্রিকেট দুনিয়া এমন লড়াইয়ের জন্য অপেক্ষা করে থাকে। রাজনৈতিক উত্তাপের কারণে বিশ্বকাপ ছাড়া ক্রিকেট মাঠে দুই দলের দেখা হওয়ার সম্ভাবনাও কম। এমন পরিস্থিতিতে আকর্ষণ আরও বেড়ে যায়।

কিন্তু বিশ্বকাপ ম্যাচ ঘিরে যে উত্তাপ প্রতিদ্বন্দ্বিতার পরিসংখ্যানে তার ছিটেফোঁটাও থাকে না। ওয়ানডে বিশ্বকাপে দুই দলের সাতবারের লড়াইয়ে ভারত সব ম্যাচ জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ লড়াইয়ে ভারতের পক্ষে ফলাফল ৫-০। এবার কী হবে? পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আগেই জানিয়েছেন জিততে চান তিনি। ভারতের বিপক্ষে কীভাবে জিততে হবে সেই সূত্র জানিয়েছেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টে ছন্দ রাখতে চাইলে ভারতের বিপক্ষে ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওরা শক্তিশালী সন্দেহ নেই, সেরা অনেক খেলোয়াড় আছে। তবে আমরা যদি ভয়ডরহীন ও চাপমুক্ত হয়ে খেলতে পারি, পাশাপাশি সবাই যার যার দায়িত্ব পালন করে, তাহলে ওদের আমরা অবশ্যই হারাতে পারব।’ মিয়াঁদাদের কথা সত্যি হলে বিশ্বকাপে প্রথমবার ভারতের বিপক্ষে জয়ের খাতা খুলবে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত