বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কলেজশিক্ষক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের বৈলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑসাতক্ষীরা জেলার কাশেমপুর এলাকার প্রয়াত ওমর আলী সরদারের ছেলে আব্দুস ছাত্তার (৬০) ও সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মোল্লা লুৎফর রহমানের ছেলে মোল্লা আব্দুল কাদের (৬০)। তারা দু’জনই সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ছিলেন।
বাগেরহাট হাইওয়ে পুলিশের মোল্লাহাট ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) শেখ আবুল হাসান জানান, ঘটনার সময় গোপালগঞ্জে ব্যক্তিগত কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুস সাত্তার ও আব্দুল কাদের। পথে বাগেরহাট-মাওয়া মহাসড়কের বৈলতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ওই দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর তাদের সঙ্গে থাকা মোবাইলফোন থেকে পরিবারের সদস্যদের কাছে কল করে নাম-পরিচয় জানা গেছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা যায়নি। লাশ দুটি উদ্ধারের পর পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জের সমিতি বাজার এলাকায় লরিচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন জামালপুরের সাজু (২২), মোশাররফ হোসেন (২২) ও জহিরুল ইসলাম (৫০)। তারা সবাই ছাগলনাইয়ায় একটি জুতার কারখানায় কাজ করতেন। এছাড়া গতকাল সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী-পাবনা মহাসড়কের আওতাপাড়া এলাকার সাদি বিশ্বাসের শালবাগান সড়কে ট্রাক, ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন ভ্যানচালক উপজেলার বাঁশেরবাদা এলাকার মুনসুর আলী খাঁ (৩৫), আওতাপাড়া গ্রামের সাইফুর শাহ (৫৫) ও মোটরসাইকেল চালক পাবনা শহরের ছাতিয়ান এলাকার আসিফ হোসেন (৩০)।
ফেনীর ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হওয়া সহকর্মী সাজুকে এগিয়ে দিতে রাত ৯টার দিকে সমিতি বাজার এলাকায় আসেন তিনজন। ওই সময় পেছন থেকে দ্রুতগতির একটি লরি তাদের চারজনকে চাপা দিলে ঘটনাস্থলেই সাজু ও জহিরুলের মৃত্যু হয়। আহত অবস্থায় বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মোশাররফ মারা যান। স্থানীয় ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় চালকসহ লরিটি জব্দ করা হয়েছে।
পাবনার ঘটনায় স্থানীয়রা জানান, ঘটনার সময় শালবাগানসংলগ্ন স্থানে ট্রাকের সঙ্গে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে ভ্যানচালক মুনসুর ও যাত্রী সাইফুর ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আসিফের মৃত্যু হয়। ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
