বিএনপি নতুন করে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির শাসনামলে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। ওই সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্যও প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। এই বুঝি মন্দিরে, বাড়িঘরে হামলা হলো। বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে।’
গতকাল শুক্রবার তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্র করে বিএনপির ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। কারণ যারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে।’
‘আওয়ামী লীগ নাকি প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেল’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এ দেশের জনগণ, কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে। যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক। তাছাড়া বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটিও মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটা প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দল বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়।’
প্রেস ক্লাবে সভা-সমাবেশ আয়োজনের বিষয়ে বিএনপি মহাসচিবের স্বভাবসুলভভাবে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তারা নীতিমালা অনুযায়ী হলরুম ভাড়া দেয়। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। অথচ বিএনপি নেতারা সেখানেও সরকারের ওপর দোষ চাপাচ্ছেন।’
কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় বিএনপির বক্তব্য অনেকটা ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না-র মতো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে বিএনপি নেতারা অন্ধ বলেই সবকিছুতেই অন্ধকার দেখতে পান। দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে। এ থেকে তারা বের হতে পারছে না।’
