কুমিল্লার ঘটনা ও বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় আওয়ামী লীগ সরকারের বাহিনী মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের একটি মহলের ইঙ্গিতে এ ধরনের ঘটনা ঘটছে; যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করছে।
গতকাল শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী দল সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। আমাদের সরকারের সময় এ ধরনের ঘটনা ঘটেনি। দুর্ভাগ্যজনকভাবে এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে, তাদের ক্ষমতা টিকে রাখার জন্য সব সময় বিভিন্নভাবে, বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে। গতকালও এ বিষয়ে আমরা বিবৃতি দিয়েছি, নিন্দা জানিয়েছি। অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।
বিএনপি মহাসচিব বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশকে উন্নত করার জন্য তার বহু অবদান রয়েছে। সেই নেত্রীকে আজ অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি বর্তমানে করোনা-পরবর্তী নানা জটিলতা ও পুরনো রোগে গুরুতর অসুস্থ। দীর্ঘ চার বছর তাকে কারাগারে রাখার কারণে চিকিৎসা না হওয়ায় তিনি অনেকগুলো জটিল রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান প্রমুখ।
