সারা দেশে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর উচ্চগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা আবারও সচল হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকায় প্রথমে সচল হয়। এরপর পর্যায়ক্রমে সিলেট, রাজশাহী, বরিশালেও তা সচল হয়। এর আগে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে ভোর ৫টা থেকে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রেখেছিল সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ। এই সময়ে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন সারা দেশের মানুষ।
জানা যায়, সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে দুদিন আগে কুমিল্লাসহ কয়েকটি জেলায় দুর্গাপূজার মণ্ডপ ও মন্দিরে হামলা-ভাংচুরের পর বুধবার থেকেই ছয় জেলায় উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। পরে গতকাল বিজয়া দশমীর দিন সকাল থেকে সারা দেশেই এ পদক্ষেপ নেওয়া হয় বলে মোবাইল ফোন অপারেটরগুলোর পক্ষ থেকে জানানো হয়।
এদিকে, দেশে সাড়ে ১৭ কোটি মোবাইল ফোন গ্রাহকের অর্ধেকের বেশি গ্রামীণফোনের সেবা নেন। গ্রামীণফোন সকালে গ্রাহকদের এসএমএস করে জানায়, “বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।” ইস্টার্ন ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদের এসএমএস করে সতর্ক করে। সেখানে বলা হয়, “ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ থাকায় কার্ডের মাধ্যমে তাদের সেবাও বিঘ্নিত হতে পারে।”
