৮ মাস পর শনাক্ত ও হার সর্বনিম্ন

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০২:৪০ এএম

দেশে করোনার সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল গত ২২ জুলাই। সেদিন শনাক্ত হার ছিল ৩২ দশমিক ১৯ শতাংশ। এর পর থেকে সংক্রমণের হার কমতে থাকে। অর্থাৎ প্রায় তিন মাস ধরে সংক্রমণ কমতে কমতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশে নেমে এসেছে। এর আগের দিন শনাক্তের হার ছিল ২ দশমিক ১৬ শতাংশ। এর আগে গত ফেব্রুয়ারিতে সংক্রমণের হার ২ শতাংশের ঘরে ছিল। সে হিসাবে প্রায় ৮ মাস পর শনাক্তের হার আবারও ২ শতাংশে আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে করোনায় নতুন রোগীও কমে এসেছে। জেলায় জেলায় সংক্রমণ শূন্যের কোঠায় নামছে। দেশের বেশিরভাগ জেলায় মৃত্যু নেই। গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে ৫৯ জেলায় শনাক্ত হয়েছে ১০ জনের নিচে, অর্থাৎ শনাক্তের সংখ্যা নেমে এসেছে এক অঙ্কে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৬৪ জেলার মধ্যে এক অঙ্কের সংখ্যায় রোগী শনাক্ত হয়েছে পাঁচ জেলায়। এর মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছে ২০৭, মুন্সীগঞ্জে ১২ জন, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় ২৪ জন, রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ১৬ জন, খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় ১৩ জন শনাক্ত হয়েছে। আর ঢাকা বিভাগের মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর জেলায় কেউ শনাক্ত হয়নি। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও শেরপুর, চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও লক্ষ্মীপুর, রংপুর বিভাগের নীলফামারী ও গাইবান্ধা, খুলনা বিভাগের বাগেরহাট, মাগুরা, মেহেরপুর ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ শনাক্ত হয়নি।

টানা দেড় মাস ধরে দেশে নতুন রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে। সেপ্টেম্বর মাসের শুরুতেও দেশে দৈনিক শনাক্তের হার ছিল ১০ শতাংশের ঘরে। তবে ২১ সেপ্টেম্বর এ হার ৫ শতাংশের নিচে নেমে আসে। আর ২৪ দিন ধরে এ হার ৫ শতাংশের নিচে অবস্থান করছে। ৩ আগস্ট থেকে করোনার সংক্রমণের হার ৩ শতাংশের নিচে নেমে আসে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯৬ নতুন রোগী শনাক্ত হয় এবং ৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। আর মারা গেছে ২৭ হাজার ৭৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন শনাক্ত রোগী ২ জন। ঢাকা বিভাগের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ২৫১ জন। এরপর আক্রান্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে শনাক্ত হয়েছে ৫৫ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৩৬, খুলনা বিভাগে ২৪, রংপুর বিভাগে ১২, বারিশাল বিভাগে ১১ এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ১ জন মারা গেছে। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো মৃত্যু হয়নি। 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৫ জন নারী। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছে ১৭ হাজার ৭৭৫ জন; যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ০৬ শতাংশ। নারী মারা গেছে ৯ হাজার ৯৭১ জন; যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৯৪ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন রয়েছে। মৃত ৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৮ ও বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত