দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন মুসল্লিরা। গতকাল শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে এ মোনাজাত করা হয়। এছাড়া অনেক মসজিদে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবীর (সা.) জীবনদর্শনের ওপরও আলোচনা হয়েছে।
রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী মার্কেট জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, ‘বিশ্বশান্তির প্রতীক হচ্ছেন হজরত মুহম্মদ (সা.)। আল্লাহতায়ালা মহানবীকে বিশ্বশান্তির জন্য পাঠিয়েছেন। ইসলামের শান্তির বারতা, মহানবীর জীবনদর্শনসহ নানা বিষয়ে খুতবায় আলোচনা করা হয়েছে। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে দেশে সম্প্রীতি ও শান্তির জন্য সাহায্য প্রার্থনা করা হয়েছে। নামাজ শেষে এ মসজিদে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেজন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন মুসল্লিরা।’
জুমার খুতবায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেন খতিব। বায়তুল মোকাররম মসজিদসহ অন্যান্য মসজিদেও ইসলামের শান্তির দিক তুলে ধরে মুসল্লিদের উদ্বুদ্ধ করেন ইমাম। এছাড়া রাজধানীর উত্তরা, আজিমপুর, মগবাজার, পান্থপথ, পুরান ঢাকার কয়েকটি মসজিদের মুসল্লিরা জানিয়েছেন, খতিবরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির পক্ষে মুসল্লিদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষ হওয়ার পর কিছু তরুণ ও কিশোর বয়সী মুসল্লি তড়িঘড়ি করে মিছিল বের করে। তারা স্লোগান দিয়ে বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে চলে যায়। বায়তুল মোকাররম এলাকায় দায়িত্বরত একাধিক সাংবাদিক জানান, জুমার নামাজ শুরু হওয়ার আগে মসজিদের ভেতরে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে উচ্ছৃঙ্খল কিছু লোক। পরে অন্য মুসল্লিরা তাদের নিবৃত্ত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পল্টন মোড় থেকে বিজয়নগর সড়কটির আশপাশের গলি থেকে কিছু তরুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
পল্টন থানার ওসি সালাউদ্দিন আহমেদ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’
গতকাল হেফাজতে ইসলামসহ ইসলামি দল বা সংগঠনগুলোর কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছিল না। হেফাজতের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তাদের কোনো কর্মসূচি নেই।
