ইতোমধ্যে ৩০ জনের তালিকা প্রকাশিত হয়েছে। তার থেকে একজনের হাতে উঠবে বছরের ব্যালন ডি’অর।
২৯ নভেম্বর, প্যারিসে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ী তারকার নাম। কার হাতে উঠবে ব্যক্তিগত নৈপুণ্যের এই মর্যাদাপূর্ণ পুরস্কার?
লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? রবার্ট লেওয়াদভস্কি নাকি জোর্গিনহো? লিগ ওয়ান কোচদের কাছে অবশ্য ফেবারিট করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ডের হাতে ব্যালন ডি’অর দেখতে চান নিঁস ও অ্যাঁজারের কোচ।
জিনেদিন জিদানের পর আর কোনো ফরাসি ফুটবলার ব্যালন ডি’অর জেতেননি। ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিয়ে ১৯৯৮ সালে এই পুরস্কার জেতেন জিজু। তবে এবারের তালিকায় রয়েছে বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, এনগোলা কান্তের মতো ফরাসি তারকা।
তবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বেনজেমার হাতে ব্যালন ডি’অর দেখতে ইচ্ছুক ক্রিস্টোফ গালতিয়ের। এক সংবাদ সম্মেলনে নিঁস কোচ বলেন, ‘আমি জানি না সে ফেবারিট কিনা, তবে আমার আশা পুরস্কারটি সে জিতুক।’
৩৩ বছর বয়সী ফরোয়ার্ড পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন লিগ ওয়ানের ক্লাব লিঁও’তে। গালতিয়ের সে সময় থেকে চেনেন বেনজেমাকে।
নঁতের টেকটিশিয়ান আঁতোয় কোমবৌয়ারেও চান ব্যালন ডি’অর জিতুক রিয়ালের হয়ে চমৎকার মৌসুম কাটানো এই তারকা। পুরস্কারটি বেনজেমার প্রাপ্য বলে মনে করেন তিনি।
অ্যাঁজারের কোচ জেরাল্ড বাতিকেল কোনো রাখডাক না রেখেই বলেছেন, ‘ব্যালন ডি’অর বেনজেমার প্রাপ্য।’
