টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বাংলাদেশের গল্পটা বদলাবে?

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৯:২২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ২০০৭ সালে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের বিশ্বকাপ আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। যেখানে ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের প্রথম ম্যাচেই হারিয়ে দেয় টাইগাররা।

কিন্তু এরপরের গল্পটা একতরফা। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে আর কোনো জয়ই নেই লাল-সবুজের দেশের। এবার মাহমুদউল্লাহয় রিয়াদের নেতৃত্বাধীন দল সেই গল্পটা বদলাতে পারবে তো?

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে রবিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। ওমানের আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

‘বি’ গ্রুপে বাংলাদেশ ও স্কটল্যান্ড ছাড়া অন্য দুই দল ওমান এবং পাপুয়া নিউগিনি। ‘এ’ গ্রুপে থাকা দলগুলো হচ্ছে- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল মূল পর্বে যাবে, যে পর্বের পোশাকি নাম ‘সুপার টুয়েলভ’ পর্ব।

সুপার টুয়েলভ পর্বে খেলার ক্ষেত্রে বাংলাদেশ ফেভারিট হিসেবেই প্রথম পর্ব শুরু করতে যাচ্ছে। ‘মহা অঘটন’ জাতীয় কিছু না ঘটলে ‘বি’ গ্রুপ থেকে সেরা হয়েই সুপার টুয়েলভ পর্বে খেলবে বাংলাদেশ। আর সেটা হলে ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বাছাই পর্বে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে। অর্থাৎ মূল পর্বে পাঁচটি ম্যাচ পাবে বাংলাদেশ। সেখানে একটি ম্যাচও না জিততে পারলে সেটা হবে ‘ভরাডুবি’।

আশার কথা বাংলাদেশ টুর্নামেন্টে পাচ্ছে ফর্মে থাকা মোস্তাফিজুর রহমানকে। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে যিনি দুর্দান্ত খেলেছেন। ব্যাটিং লাইনআপে মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার রয়েছেন। তাদের সমর্থন দিতে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটার।

তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ব্যাটাররা রান পাননি। যা বিশ্বকাপে বাংলাদেশের চিন্তার বড় কারণ। এমনকি ঘরের মাঠে এমন বড় দুটি দলের বিপক্ষে সাফল্যও বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী হতে পারছেন না অনেকে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এএফপিকে বলেন, ‘২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে আমরা একটি ম্যাচও জিতিনি। আমি এবার আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের (যদি তারা কোয়ালিফাই করে) বিপক্ষে জয় প্রত্যাশা করছি। এর সঙ্গে আরো কোনো জয় এলে সেরা হবে বড় অর্জন।’

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আশরাফুল। ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের জয়ের নায়কও তিনি। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া (৪-১) এবং নিউজিল্যান্ডের (৩-২) বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় নিয়েও কথা বলেছেন তিনি।

আশরাফুলকেও আশাবাদী করছে না সিরিজ দুটি, ‘অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল। দুই দলেরই সেরা ব্যাটাররা আসেনি। এরপরও আমরা তাদের বিপক্ষে ম্যাচ হেরেছি।’

‘আমরা সিরিজ জিতেছি, কিন্তু কোনো ব্যাটার সেঞ্চুরি পাননি বা কোনো বোলার পাঁচ উইকেট পায়নি। জয় সব সময়ই আপনাকে আত্মবিশ্বাস দেবে। তবে আমি কোনো ব্যক্তিগত নৈপুণ্য দেখিনি। বোলাররা ভালো করেছে, কিন্তু আরব আমিরাতে এ ধরনের উইকেট পাব, এটা আমি মনে করি না।’

বাংলাদেশ আগস্টে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারায় ৪-১ ব্যবধানে। তবে অজিরা বাংলাদেশে এসেছিল অধিনায়ক অ্যারন ফিঞ্চসহ বেশ কিছু তারকা ক্রিকেটার ছাড়াই। পরের মাসে নিউজিল্যান্ডকে হারায় ৩-২ ব্যবধানে। তবে কিউইদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কেউ ছিল না সেই দলে।

এরপরও এই দুটি সিরিজ র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে তুলে দিয়েছে বাংলাদেশকে। সেই স্থানে থেকেই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে টাইগাররা।

ভালো ফলের জন্য ভক্তরা এবার অনেক বেশি তাকিয়ে থাকবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। ২০১৯ বিশ্বকাপে যিনি দুর্দান্ত খেলেছিলেন। বাংলাদেশের সেরা এই তারকার বিশ্বাস এবারের আসরে বেশ ভালো সম্ভাবনা রয়েছে তাদের।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের মাটিতে পাওয়া সাফল্য তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফল পেতে বড় ভূমিকা রাখবে বলেই বিশ্বাস সাকিবের।

‘আমি মনে করি আমাদের বিশ্বকাপে বেশ ভালো সম্ভাবনা আছে। আমাদের ভালো প্রস্তুতি হয়েছে, কারণ আমরা তিনটি সিরিজ জিতেছি। যখন একটি দল জয়ের মধ্যে থাকে, এটা জয়ের মানসিকতা তৈরি করে। এটি আত্মবিশ্বাসকে নতুন মাত্রায় নিয়ে যায়।’- বলেন সাকিব।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত