‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ ও ‘আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা’ আয়োজন করেছে বিশ^খ্যাত ম্যাগনাম আলোকচিত্রশিল্পী মার্ক রিবুর ‘বাংলাদেশ ১৯৭১ : শোক ও সকাল’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ মারা সু।
আয়োজকরা জানান, ‘লা’সেসিও লেসামি দ্য মাখ রিব্যো’ এবং গিমে মিউজিয়ামের সহযোগিতায় আয়োজিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তোলা আলোকচিত্রের এই প্রদর্শনী, যেখানে থাকছে ইতিপূর্বে অপ্রকাশিত একগুচ্ছ আলোকচিত্র। প্রদর্শনীতে পঞ্চাশটি আলোকচিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি চলবে ১৬ নভেম্বর ২০২১ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
ফরাসি আলোকচিত্রশিল্পী মার্ক রিবুর জন্ম লিঁও’র কাছাকাছি, সাঁ-জেনি-লাভাল এ, ১৯২৩ সালে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে তিনি ১৯৭১ সালের নভেম্বরের শেষদিকে কলকাতায় আসেন। তিনি শরণার্থী শিবির এবং মুক্তাঞ্চলে সেই সময়ের দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এসব ছবির অধিকাংশই আজও অপ্রকাশিত রয়ে গেছে। মার্ক রিবু ২০১৬ সালে প্যারিসে ৯৩ বছর বয়সে মারা যান।
