টাঙ্গাইলে ছাত্রদলের হামলা ৪ ছাত্রলীগ নেতা আহত

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১১:৪১ পিএম

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ছাত্রদলের হামলায় ছাত্রলীগের চার নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার করাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাবলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইশরাক আল হোসাইন (২৪), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সৌমিক (২০), সদস্য ছাব্বির (২৩) ও সানী (২২)। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, আহত ও উপজেলা ছাত্রলীগ নেতারা জানান গত শুক্রবার উপজেলার হাবলা বাজার এলাকায় মুসল্লিরা মিছিল করার চেষ্টা করেন। প্রশাসনের পাশাপাশি ছাত্রলীগের নেতারা মিছিলটি প্রতিহত করেন। এ নিয়ে হাবলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সবুর মিয়া ক্ষোভ প্রকাশ করেন। এরই জের ধরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। গতকাল দুপুরে ছাত্রলীগের চার নেতা মোটরসাইকেলে করাতিপাড়া এলাকায় গেলে ছাত্রদল নেতা নাজমুল, কাউসার, আলী আকবর, সিয়ামসহ বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম সজীব জানান, আহত চার যুবককে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে তিনজনের মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কামরান খান বিপুল জানান, হামলার বিচার না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন।

অভিযোগ অস্বীকার করে বাসাইল উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল বলেন, ‘এ ঘটনার সঙ্গে বিএনপি ও ছাত্রদলের কেউ জড়িত নন। ক্ষমতাসীনরা অরাজনৈতিক ঘটনাকে আমাদের ওপর চাপানোর অপচেষ্টা করছেন।’

বাসাইল থানার ওসি হারুনুর রশিদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে উভয়পক্ষ থানায় যোগাযোগ করে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত