জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করে কার্বন দূষণ নিয়ন্ত্রণ লক্ষ্য অর্জনে মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের কোনো বিকল্প নেই। কারণ আবাসিক খাতেই শুধু ৩০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার হয়। এর বড় অংশ সাশ্রয় করা সম্ভব দক্ষ ব্যবহারের মাধ্যমে।
গতকাল শনিবার এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন আয়োজিত এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টস লেবেলিং শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (স্রেডা) ও জিআইজেডের আয়োজনে এই ওয়েবিনার সঞ্চালনা করেন ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্রেডা চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য দেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) স্ট্যান্ডার্ড বিভাগের উপপরিচালক রহিমা তালুকদার। বক্তব্য দেন এনার্জিপ্যাক ইলেক্টনিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক নূরুল আকতার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চিফ বিজনেস অফিসার আনিসুর রহমান মল্লিক, ইস্টার্ন টিউবসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম এবং জিআইজেডের আইইইপি ২ প্রোগ্রাম কো-অর্ডিনেটর আল মুদাবির বিন আনাম।
