বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে মোসাব্বির হোসেন ফাহিম (২২) নামে মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি হার্ড পয়েন্ট সংলগ্ন ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ফাহিম বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে এবং দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
মৃতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার ফাহিম তার নানাবাড়ি সারিয়াকান্দির দীঘলকান্দি গ্রামে বেড়াতে আসেন। গতকাল সকাল ৮টার দিকে গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তিনি দীঘলকান্দি গ্রাম সংলগ্ন যমুনা নদীতে গোসল করতে নামেন।
নদীর ওই স্থানে স্রোতের তীব্রতা না থাকলেও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে গভীর গর্তে পড়ে ফাহিম তলিয়ে যায়। তার আর্তচিৎকারে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এসে নদীতে তল্লাশি শুরু করেন। দুপুর ১২টার দিকে আধা-কিলোমিটার ভাটিতে তার লাশ পাওয়া যায়।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মেডিকেল কলেজের ছাত্র ফাহিমের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
