চট্টগ্রামে বাঘিনী জয়া জন্ম দিল দুই শাবক

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০১:৫৩ এএম

চট্টগ্রাম চিড়িয়াখানায় জয়া নামের বাঘিনী দুই মেয়ে শাবকের জন্ম দিয়েছে। গত ১৯ সেপ্টেম্বর শাবক দুটির জন্ম হলেও গতকাল শনিবার কর্র্তৃপক্ষ বিষয়টি প্রকাশ করে।

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, গত ১৯ সেপ্টেম্বর মেয়ে শাবক দুটির জন্ম হয়। তারা সুস্থ ও স্বাভাবিক রয়েছে। গত বছরের ১৪ নভেম্বর প্রথম ছেলে শাবক জন্ম দেয় জয়া। তার নাম রাখা হয় জো বাইডেন। তবে বিমাতাসুলভ আচরণ করায় তাকে চিড়িয়াখানার তত্ত্বাবধানে ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে বড় করা হয়। এবার অবশ্য মেয়ে দুটিকে নিজের কাছে রেখে জয়া দেখভাল করছে বলে জানান তিনি।

চট্টগ্রাম চিড়িয়াখানা কর্র্তৃপক্ষ জানায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ১১ মাস বয়সী রাজ ও নয় মাস বয়সী পরী নামে দুটি বাঘ চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরী যুগলের তিনটি শাবক হয়। তাদের মধ্যে দুটি হোয়াইট টাইগার; একটি কমলা-কালো ডোরাকাটা। পরের দিন একটি হোয়াইট টাইগারের মৃত্যু হয়। এরপর সাদা বাঘিনীর নাম রাখা হয় শুভ্রা। আর কমলা-কালো বাঘিনীর নাম দেওয়া হয় জয়া। সেই জয়ার ঘরেই ছেলে বাইডেনের পর জন্ম নিল দুই মেয়ে শাবক।

নগরীর ফয়’স লেক এলাকায় ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে বাঘ, সিংহ, কুমির, জেব্রা, ময়ূর, ভালুক, উটপাখি, ইমু, হরিণ, বানর, গয়াল, সজারুসহ ৬৬ প্রজাতির ছয় শতাধিক পশু-পাখি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত