কুমিল্লার ঘটনার জেরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গত শুক্রবার পূজামণ্ডপে হামলার পর গতকাল শনিবার মন্দিরসংলগ্ন পুকুর থেকে এক ইসকন ভক্তের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম প্রান্ত সাহা (২০)। গতকাল সকালে মন্দিরসংলগ্ন পুকুরে তার লাশ ভেসে ওঠে বলে ইসকন মন্দিরের সদস্যরা জানিয়েছেন। এছাড়া গত বুধবার কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ অবমাননার কথিত অভিযোগ ওঠার পর আগের দুদিনের মতো গত শুক্রবার রাতেও দেশের কয়েকটি জায়গায় পূজামন্ডপে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর পূজামন্ডপ ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় গতকাল শনিবার চট্টগ্রামসহ কয়েকটি জায়গায় নতুন করে আরও কয়েকটি মামলা হওয়ার পাশাপাশি অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে এর জন্য লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। গতকাল তার নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল চৌমুহনীতে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে যায়। সেখানে এমন অভিযোগ করেন এই আওয়ামী লীগ নেতা। বিস্তারিত দেশ রূপান্তরের সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে
চৌমুহনীতে ইসকন মন্দিরের পুকুর থেকে প্রান্ত সাহার লাশ উদ্ধারের পর গত শুক্রবার পূজামন্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রান্তর লাশ নিয়ে নোয়াখালী-ফেনী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
গতকাল সকাল থেকে চৌমুহনী বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ছিল র্যাব, বিজিবি ও আর্মড পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সনাতন নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি মন্দিরে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। চৌমুহনীর সহিংসতার ঘটনায় গতকাল দুপুর পর্যন্ত ৪৭ জনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চৌমুহনী বাজারের কয়েকটি মন্দির ও মন্ডপে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল মানুষ। হামলাকারীরা বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালায়। হামলার সময় যতন কুমার সাহা (৪২) নামে এক ব্যক্তি মারা যান। এছাড়া গতকাল লাশ উদ্ধার হওয়া প্রান্ত সাহা নিখোঁজ ছিলেন। প্রান্ত চাটখিল উপজেলার হাঁটপুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ রাজ্জাকপুর গ্রামের নকুল চন্দ্র নমদাসের ছেলে। গত শুক্রবার মন্দিরে হামলার সময় তাকে পিটিয়ে হত্যার পর পুকুরে লাশ ফেলে দেওয়া হয় বলে দাবি করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। তারা প্রান্তর মরদেহ নিয়ে চৌমুহনী পৌর শহরের প্রধান সড়ক ছাড়াও বিভিন্ন মন্দিরের সামনে বিক্ষোভ মিছিল করেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাদেরকে শান্ত করতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বিক্ষোভকারীরা চৌমুহনী বড়পুল সংলগ্ন ফেনী-চৌমুহনী সড়কে অবরোধ তৈরি করেন।
তারেককে দুষলেন হুইপ স্বপন : জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল গতকাল চৌমুহনীতে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে যায়। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের হুইপ স্বপন বলেন, ‘নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে যে হামলার ঘটনা ঘটেছে, এটি একটি সুপরিকল্পিত হামলা। লন্ডনে বসে থাকা কথিত প্রধানমন্ত্রীর বিগড়ে যাওয়া সন্তানের (তারেক রহমান) ইন্ধনে, পরিকল্পনায় বাংলাদেশের ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী চক্র এ অপকর্মটি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুপরিকল্পিত ঘটনারই অংশ।’
তিনি আরও বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। আগামীতে যেন সব ধর্মাবলম্বী মানুষ স্বাধীনভাবে তাদের নিজ ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান পালন করতে পারে সে বিষয়ে রাষ্ট্র বদ্ধপরিকর।’
বরিশালে ৩ মন্দিরে হামলা : বরিশালে পবিত্র কোরআন শরিফ অবমাননা করে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে স্থানীয় কিছু উত্তেজিত মানুষ মহানন্দ বৈদ্য নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। পাশাপাশি বিক্ষুব্ধরা তিনটি মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে গৌরনদীর বার্থী ইউনিয়নের ধুরিয়াইল কাজিরপাড় গ্রামে। আটক মহানন্দ বৈদ্য ওই গ্রামের মৃত্যুঞ্জয় বৈদ্যর ছেলে। খবর পেয়ে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসব ঘটনায় গতকাল গৌরনদী মডেল থানায় দুটি মামলা হয়েছে।
সিরাজদীখানে মন্দিরের মূর্তি ভাঙচুর : মুন্সীগঞ্জের সিরাজদীখানে গত শুক্রবার গভীর রাতে একটি কালীমন্দিরের মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রশনিয়া ইউনিয়নের ধানিয়াপাড়া মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির কমিটির লোকজন জানান, কালীমন্দিরটি স্থায়ী। শুক্রবার রাতেও মন্দিরের মূর্তি ঠিক ছিল। তবে গতকাল সকালে ভক্তরা এসে দেখেন মূর্তিটি ভাঙাচোরা। গভীর রাতের কোনো এক সময় মন্দিরের পেছনের ঝোপঝাড় থেকে কে বা কারা টিন কেটে মন্দিরে ঢুকে ৬টি মূর্তি ভাঙচুর করে পালিয়ে যায়। এ সময় মন্দিরে কোনো নৈশপ্রহরী ছিল না। খবর পেয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এবং পুলিশ সুপার আবদুল মোমেনসহ প্রশাসনের কর্মকর্তারা ওই মন্দির পরিদর্শন করেন।
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক : চাঁদপুরের হাজীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। গতকাল কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার হাজীগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন হাজীগঞ্জ পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি ভালো রয়েছে। পরিবেশ পরিস্থিত এমন ভালো থাকলে আগামীকাল (আজ শনিবার) ১৪৪ ধারা তুলে দেওয়া হবে।’
ফেইসবুকে ছড়ানো হচ্ছে গুজব : চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বী একটি পরিবারের নারী সদস্যদের গণধর্ষণের কথিত খবর ছড়িয়ে পড়েছে ফেইসবুকে। তবে ওই খবরটি ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে প্রশাসন, পুলিশ বিভাগ ও হিন্দু ধর্মাবলম্বী সংগঠনের নেতারা। হিন্দু ধর্মীয় নেতারা বলছেন, একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে এমন গুজব ছড়াচ্ছে। এসব গুজব রটনাকারীদের ধরে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
কমলগঞ্জে হামলার ঘটনায় ২ মামলা, মাওলানা আটক : মৌলভীবাজারের কমলগঞ্জে সাতটি পূজাম-পে হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। দুটি মামলায় এজাহারভুক্তসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। মুন্সিবাজার এলাকা থেকে গত শুক্রবার রাতে মামলার আসামি উপজেলা তালামীযে আলইসলাহ নেতা মাওলানা আবদুল করিমকে পুলিশ আটক করেছে। গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে মন্ডপে হামলায় মামলা, গ্রেপ্তার ৮৩ : চট্টগ্রাম নগরীর জেএমসেন হলের পূজামণ্ডপে ও পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত ৬০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় ৮৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সকালে কোতোয়ালি থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় এজহারনামীয় ৮৩ জনের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
প্রতিবাদ কর্মসূচি : সারা দেশে শারদীয় দুর্গোৎসব চলাকালে সংঘটিত সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এ সময় তিনি বলেন, এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আজ আর উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এর সবটাই পরিকল্পিত, যার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের দেশ থেকে বিতাড়িত করে পুরো দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা। সারাদেশে ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত গণ-অনশন ও গণঅবস্থান এবং সাম্প্রদায়িক হামলার নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় এ কর্মসূচি পালিত হবে শাহবাগ চত্বরে এবং চট্টগ্রামে আন্দরকিল্লা চত্বরে।
গত বুধবার কুমিল্লায় একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া গেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর ওই ঘটনার জের ধরে সেদিনই কুমিল্লা ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটে। চাঁদপুরের হাজীগঞ্জে এ নিয়ে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিনই ২২টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করে সরকার। পরদিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
