এই দিনে

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:৫৬ পিএম

১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত রাজনীতিবিদ ও কমিউনিস্ট নেত্রী ইলা মিত্র। নাচোলের কৃষক বিদ্রোহের নেত্রী হিসেবে তিনি সমধিক পরিচিত। তার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন অবিভক্ত বাংলার ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। মা মনোরমা সেন। ইলা মিত্র কলকাতার বেথুন স্কুল ও কলেজ থেকে ম্যাট্রিকুলেশন, আইএ, অনার্সসহ বিএ পাস করেন। ১৯৪৪ সালে বিএ পাসের প্রায় ১৪ বছর পর ১৯৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে এমএ পাস করেন। ছাত্রাবস্থাতেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। পর্যায়ক্রমে যুক্ত হন গার্লস স্টোর্স কমিটি, ছাত্র ফেডারেশন, মহিলা আত্মরক্ষা সমিতি ও কমিউনিস্ট পার্টির সঙ্গে। বিয়ের পর ১৯৪৫ সালে তিনি চলে আসেন চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে। সেখানে তিনি মেয়েদের শিক্ষা ও বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে যুক্ত হন। ১৯৪৬-৪৭ সালে ফসলের দুই-তৃতীয়াংশের ওপর কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে শুরু হয় তেভাগা আন্দোলন। তিনি নাচোলের কৃষকদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইলা মিত্র হয়ে ওঠেন কৃষকদের ‘রানী মা’। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখেন তিনি। রাজনৈতিক কারণে তিনি ভারতের পশ্চিমবঙ্গে চারবার (১৯৬২ থেকে ১৯৭২ সাল পর্যন্ত) কারাবরণ করেন। তিনি ২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত