বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত কাজ চলছে। কিন্তু পণ্য নিয়ন্ত্রণের বাইরে। যেমন- আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে কিছু করার থাকে না।
গতকাল রবিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে তেল, চিনির দাম বেড়েছে। এই পণ্যগুলোর দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে বলেই বাংলাদেশে তার প্রভাব পড়েছে। বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতির দেশ। সরকার ভর্তুকি দিয়ে দেশের সবাইকে খাওয়াতে পারবে না। দরিদ্র জনগোষ্ঠীকে টিসিবির মাধ্যমে কম দামে পণ্য দিতে চেষ্টা করি।
পেঁয়াজের দরবৃদ্ধি নিয়ে টিপু মুনশি বলেন, বাংলাদেশে পণ্যটির ঘাটতি আছে। দেশে পেঁয়াজের ঘাটতির ৯০ শতাংশ আসে ভারত থেকে। ভারতে দাম বেড়ে গেলে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তখন আমাদের দেশে এর প্রভাব পড়ে। অন্যান্য বাজার যেমন- তুরস্ক বা মিসর থেকে পেঁয়াজ আনতে অনেক সময় লাগে। আনতে গিয়ে পচেও যায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসিসিআই ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ শীর্ষক ভার্চুয়াল মেলা হবে। সাত দিনের এই মেলার উদ্দেশ্য- বাংলাদেশকে বিনিয়োগের এবং বাণিজ্যের একটি আকর্ষণীয় জায়গা হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা। ২৬ অক্টোবর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করবেন।
