সাকিবের ঝুলিতে ১২ হাজার রান, ৬০০ উইকেট

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১:১৯ এএম

১২ হাজার রানের মাইলফলকে আগেই পা রেখেছিলেন। এবার পেলেন ৬০০ উইকেটের দেখা। আন্তর্জাতিক ক্রিকেটে একই ঝুলিতে ১২ হাজার রান ও ৬০০ উইকেট নেই আর কারও। এই অভিজাত ক্লাবের একমাত্র সদস্যের নাম সাকিব আল হাসান।

রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে এই মাইলফলক গড়েন বাংলাদেশি অলরাউন্ডার। সেই সঙ্গে আরেকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন সাকিব।

শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি এখন ৩৪ বছর বয়সী তারকা।

স্কটিশদের বিপক্ষে ৪ ওভার বল করে ১৭ রান খরচায় ২ উইকেট নেন সাকিব। ইনিংসের ১১তম ওভারে করেন জোড়া শিকার। রিচি বেরিংটনকে তুলে নেওয়ার পর মিচেল লিস্ককেও ফেরান এই বাঁহাতি স্পিনার। তাতেই ইতিহাসে নাম উঠে যায় সাকিবের।

৩৪ বছর বয়সী অলরাউন্ডারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট এখন ১০৮টি। আর আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি। তার মধ্যে ২১৫ উইকেট নিয়েছেন টেস্টে। ওয়ানডেতে তার শিকার ২৭৭ উইকেট।

ব্যাট হাতে টেস্টে সাকিবের রান ৩৯৩৩। ৬৬০০ রান করেছেন ওয়ানডেতে। টি-টোয়েন্টিতে করেছেন ১৭৮৩ রান।

২০০৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। খেলেছেন বাংলাদেশের হয়ে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ।

৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে এত দিন টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল বোলার ছিলেন মালিঙ্গা। এবার তাকে টপকে রেকর্ডটি নিজের করে নিলেন সাকিব। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের রেকর্ডের রাতে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরেছে বাংলাদেশ। সাকিব ব্যাট হাতে ২৮ বলে করেছেন ২০ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত