শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক মারা গেছেন

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০১:৩৬ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে সোমবার নামিবিয়ার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। তার আগেই এক দুঃসংবাদ পেল লঙ্কানরা।

সোমবার (১৮ অক্টোবর) মারা গেছেন শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক বান্দুলা ওয়ার্নাপুরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এই মাসের শুরুতে কলম্বোর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওয়ার্নাপুরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৮২ সালে কলম্বোতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে শ্রীলঙ্কা। সেই ঐতিহাসিক টেস্টে লঙ্কানদের নেতৃত্ব দেন ওয়ার্নাপুরা। শাদা বলের ক্রিকেটে দেশের হয়ে প্রথম বলটি মোকাবিলা করেন তিনি। আর শ্রীলঙ্কার প্রথম টেস্ট রানটিও আসে তার ব্যাট থেকে।

ওই টেস্টে আরেকটি বিরল রেকর্ডও গড়েন ওয়ার্নাপুরা। ওপেনিং ব্যাটিংয়ের পাশাপাশি ওপেনিং বোলিংও (দ্বিতীয় ইনিংস) করেন তিনি।

শ্রীলঙ্কার জার্সিতে ১৯৭৫ থেকে ১৯৮২ সালে ক্যারিয়ারে ৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলেছেন ওয়ার্নাপুরা। অবসরের পর তিনি জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেন। পরে কোচিং পরিচালকও হন।

ওয়ার্নাপুরার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত