কাল রাতে দুইটা হার দেখেছি: মাশরাফী

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৬:০৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের দল যখন ওমানে হার স্বীকার করে মাঠ ছাড়ছিল, ঠিক সেই সময়ে দেশে ঘটে গেছে ন্যক্কারজনক ঘটনা। রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হয়।

যে ঘটনাকে ‘পুরো বাংলাদেশের পরাজয়’ বলছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হারের উদাহরণ টেনে মাশরাফী লিখেছেন, ‘কাল দুইটা হার দেখেছি। একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙে চুরমার করেছে।’

ঘটনার একটি ছবি পোস্ট করে মাশরাফী আরো লিখেন, ‘এ লাল সবুজ তো আমরা চাইনি। কত কত স্বপ্ন, কত কষ্টার্জিত জীবনযুদ্ধ এক নিমেষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়াত দিন।’

গত কয়েক দিন ধরেই হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন হামলা, নির্যাতনের ঘটনা সামনে আসছিল। রবিবার রাতে ফেইসবুকে এক তরুণের ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীর ২০টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত