ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যামফার। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে চার বলে ৪ উইকেট নিলেন। ক্রিকেটে যাকে বলা হয় ‘ডাবল হ্যাটট্রিক’।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ডাবল হ্যাটট্রিকের নজির এটিই প্রথম। সব মিলে টি-টোয়েন্টি এটি তৃতীয় ডাবল হ্যাটট্রিক।
সোমবার আবুধাবিতে বিশ্বকাপের প্রথম পর্বের ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল চারটায়। ২২ বছর বয়সী ডানহাতি পেসার ক্যামফার ইনিংসের দশম ও নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন ৪ উইকেট। ২ উইকেটে ৫১ রান থকে ৬ উইকেটে ৫১ রানে পরিণত হয় নেদারল্যান্ডস।
অথচ নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করেছিলেন ক্যামফার। ডাবল হ্যাটট্রিকের কীর্তি গড়ার পথে ক্যামফার একে একে ফিরিয়েছেন- কলিন আকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস ও ফন ডার মেরুকে।
এর আগে রশিদ খান এবং লাসিথ মালিঙ্গা এই কীর্তি গড়েছিলেন। রশিদ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েন। একই বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল হ্যাটট্রিকের নজির গড়েন মালিঙ্গা।
আর আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথম হ্যাটট্রিকের কীর্তি লিখলেন ক্যামফার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যামফার ছাড়া হ্যাটট্রিকের নজির আছে শুধু ব্রেট লির। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকে করেছিলেন অজি পেসার।
