চবি ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিষ্কার

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১:৫৪ পিএম

গত কয়েকদিনে কয়েক দফায় সংঘর্ঘের ঘটনায় শৃঙ্খলাভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে দুজনকে এক বছর ও বাকিদের ৬ মাসের বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া এই তথ্য জানিয়েছেন

বহিষ্কৃতরা হলেন, শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সিক্সটি নাইন গ্রুপের অনুসারী বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম, বাংলা বিভাগের সাইফুল ইসলাম, রসায়ন বিভাগের আশরাফুল আলম নায়েম, পরিসংখ্যান বিভাগের আকিব জাভেদ, ইতিহাস বিভাগের জুনায়েদ হোসেন জয় এবং অর্থনীতি বিভাগের ২০১১-১২ সেশনের  ফরহাদ। এদের মধ্যে নায়েমকে এক বছর ও বাকিদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বাকি ৬ জন হলেন, শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সিএফসি গ্রুপের অনুসারী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মির্জা খবির সাদাফ, খালেদ মাসুদ, লোক-প্রশাসন বিভাগের অহিদুজ্জামান সরকার, সমাজতত্ত্ব বিভাগের আরিফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তানজিল হোসেন ও আরবি বিভাগের তৌহিদ ইসলাম। এদের মধ্যে সাদাফকে এক বছর ও বাকিদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতারের সভাপতিত্বে রবিবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত চলা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গত চারদিনের ঘটনায় দু’পক্ষের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। বহিষ্কৃত ১২ জন শিক্ষার্থীর মধ্যে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার অভিযোগে এক বছর ও বাকিদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, বহিষ্কারের মেয়াদ আজ থেকেই কার্যকর হবে। এ সময় বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয় ও হলে অবস্থান করতে পারবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত