অপুর ১০ উইকেট, প্রথম সেঞ্চুরি ইয়াসিরের

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০১:০০ এএম

প্রথম ইনিংসে ৬ উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে নাজমুল ইসলাম অপু পেলেন চারটি। দুই ইনিংসেই তিনটি করে উইকেট তুলে তাকে দারুণ সঙ্গ দিলেন অধিনায়ক শুভাগত হোম। সিলেটের বিপক্ষে জাতীয় লিগ ম্যাচে তাতেই জয়ের পথে রয়েছে ঢাকা বিভাগ। আজ মাত্র ১৮ রান পেলেই জয় পাবে দলটি। হাতে রয়েছে ৭ উইকেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে ৬৬ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৪৮ রান করেছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে তারা ১৭৬ রানে অলআউট। সিলেট ৬৭-এর পর দ্বিতীয় ইনিংসে করেছে ১৭৪ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে ভালো অবস্থানে আছে খুলনা বিভাগ। আগের দিনের ৮ উইকেটে ২২৬ রান নিয়ে ব্যাট করতে নামা রংপুর শেষ দুটি উইকেটে আরও ৩১ রান যোগ করেন। ৯০ রানের খরচায় ৬ উইকেট পান মিরাজ। ৫৬ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন আল-আমিন হোসেন। নিজেদের প্রথম ইনিংসে এনামুল হক বিজয়ের ব্যাটে দিনটা ভালোই কেটেছে খুলনার। ১৩৫ বলে ৭২ রান তুলে অপরাজিত আছেন। এবারের এনসিলে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন চট্টগ্রামের ইয়াসির আলী। প্রায় ৬ ঘণ্টায় ১৯৭ বলে ১২৯ রান করেছেন তিনি। অধিনায়ক মুমিনুল হকের ৬০ এবং ইরফান শুক্কুরের ৬৩ রানে চট্টগ্রাম প্রথম ইনিংসে করেছে ৩৪৯ রান। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৭৯ রান তোলা রাজশাহী এখনো ১০৪ রানে পিছিয়ে আছে। খারাপ আবহাওয়ার জন্য কক্সবাজারে ঢাক মেট্রো-বরিশালের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত