সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে টিআইবি

রাজনৈতিক দোষারোপে সহিংসতার বিচার হয় না

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০১:৫৪ এএম

কুমিল্লাসহ অন্তত ১৫টি জেলায় শতাধিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ছয়জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছে। এসব ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, রাজনৈতিক দোষারোপের ঘেরাটোপে আটকে থাকায় এসব ঘটনার বিচার হয় না। ফলে নিয়মিত এ ধরনের সহিংসতা বেড়ে চলেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে হিন্দুদের মন্দির, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানসহ জীবন-জীবিকার ওপর সপ্তাহজুড়ে সহিংসতা চলছে। কিন্তু চলমান হামলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন দুঃখজনক ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

তিনি বলেন, ‘ঘটনা ঘটে যাওয়ার পর শতাধিক মামলায় কয়েক হাজার আসামি করা হলো। অথচ চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত অধিকাংশ স্থানে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আগের সহিংস ঘটনাগুলোতেও একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়েছিল। এর ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায় এবং নিয়মিত সাম্প্রদায়িক সহিংসতা ঘটতেই থাকে।’

টিআইবি সাম্প্রতিক ঘটনায় জড়িত সবার কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ ঠেকাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত