আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জীবনের নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে জেলা নির্বাচন অফিসারের কাছে আবেদন করেছেন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান মুকুল।
গতকাল বৃহস্পতিবার তিনি জেলা নির্বাচন অফিসারের কাছে এই আবেদন করেন। একই আবেদন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে। পৌরসভা নির্বাচনে তিনি জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আবেদনে বলা হয়, আগামী ৪ নভেম্বর পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একজন এসআইসহ চারজন কনস্টেবলের একটি টিম তার নির্বাচনী প্রচারণাসহ অন্যান্য সময় থাকা প্রয়োজন।
এই আবেদনে অভিযোগ করা হয়, ‘গত ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন সাদা পোশাকে বিভিন্ন সংস্থার লোকজন তার বাড়িতে এসে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।’
জেলা নির্বাচন অফিসার মোত্তাওকিল বলেন, ‘আমরা তার আবেদনটি পেয়েছি। প্রার্থীর বক্তব্য যাচাই করা হবে। সত্যতা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
