অনেকেরই ঘুম থেকে ঘাড়ে ব্যথা বা ঘাড়ের পেশি শক্ত হয়ে যায়। বালিশ ঠিক না হলে এমন সমস্যা হয়। জেনে নিন কেমন বালিশে ঘাড়ে ব্যথা হয়
নিয়মিত নরম বালিশে শোয়ার অভ্যাস থাকলে মাথায় চাপ লাগতে পারে। খুব শক্ত বা খুব নরম কোনো বালিশই শোওয়ার উপযুক্ত নয়। দুটোই ঘাড়ের পক্ষে ক্ষতিকর। বেশি উঁচু বালিশ ব্যবহার করার অভ্যাস থাকলে এখনই সতর্ক হন, কারণ এতে ঘাড়ের পেশি শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বালিশে শোওয়ার সময় কাঁধে বেশি চাপ লাগলে সেই বালিশ একদম ব্যবহার করা ঠিক নয়। এর থেকে কাঁধে ও পিঠেও ব্যথা হতে পারে।
আপনার কাঁধ যদি খুব চওড়া হয় এবং সেই অনুপাতে বালিশটা একটু ছোট হয় তাহলে আপনি ভুল বালিশ ব্যবহার করছেন। সাধারণত পুরুষদের কাঁধে একটু বেশি চওড়া হয়। সে ক্ষেত্রে চওড়া বালিশ ব্যবহার করাই ভালো।
নাক ডাকার সমস্যা থাকলে এবং ঠিক বালিশ ব্যবহার করলে সেই সমস্যাও কমবে। সে ক্ষেত্রে অ্যান্টি স্নোরিং বালিশ ব্যবহার করতে পারেন।
বালিশ কী দিয়ে তৈরি তা আগে দেখুন। পালকের তৈরি বালিশে ধুলা কম জমে। কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। অন্যদিকে সাধারণ তুলো, উল বা সিনথেটিক তুলোর বালিশ তুলনামূলকভাবে কমদামি হলেও তাতে ধুলো তাড়াতাড়ি পড়ে। তাই নিজের শারীরিক বৈশিষ্ট্যমতো বেছে নিন বালিশ।
আপনি কীভাবে ঘুমান সেটা বুঝে বালিশ কিনুন। পাশ ফিরে শোওয়ার অভ্যাস থাকলে একটু শক্ত বালিশ বেছে নিন। যারা চিত হয়ে ঘুমোন বা পেটের ওপর ভর করে উপুড় হয়ে ঘুমোন, তারা একটু নরম বালিশ নির্বাচন করুন। মনে রাখবেন, শিরদাঁড়া সোজা করে ঘুমোনো শরীরের জন্য ভালো।
