ডলারের বিপরীতে টাকার দরপতন নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে দেওয়া চিঠিতে তিনি এ আহ্বান জানান।
চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি মুদ্রাবাজারে টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আমদানি-রপ্তানি বাণিজ্যবিষয়ক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থান রক্ষা করার জন্য ডলারের দর সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের আশু হস্তক্ষেপ অপরিহার্য। দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থে টাকার বিপরীতে ডলারের উচ্চমূল্য নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।’
চিঠিতে উল্লেখ করা হয়, ‘দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতিসহ সব ধরনের পণ্যের আমদানি বাড়ছে। ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। করোনার মধ্যেই দেশের শিল্প-কারখানা পুরোদমে চালুর নির্দেশনা দেওয়ায় বর্তমানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
