বিবৃতিতে ফখরুল

বিএনপি নেতাদের নামে মামলা দিয়ে জেলে নেওয়া হচ্ছে

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০১:৪৬ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, কাল্পনিক কাহিনী তৈরির মাধ্যমে মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের কারান্তরীণ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু গতকাল সকালে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন,‘বিরামহীন গতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরির মাধ্যমে মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় আকরামুল হাসান মিন্টুর জামিন বাতিল করে কারাগারে পাঠানো বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই অংশ।’

তিনি আরও বলেন, ‘কর্র্তৃত্ববাদী সরকারের নানা অপকর্মের ছোবলে দেশ এখন ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে চরম ব্যর্থ বর্তমান অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে ভূলুণ্ঠিত করে বাকশালি কায়দায় বিরোধী দল ও মত দমনে এখন অধিকমাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে।’

‘সব অপকর্ম ও দুঃশাসনের জন্য’ বর্তমান সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিএনপি মহাসচিব অবিলম্বে আকরামুল হাসান মিন্টুর বিরুদ্ধে করা ‘অসত্য মামলা’ প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত