মানবতাবিরোধী অপরাধ

১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০১:৪৯ এএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ময়মনসিংহের ঈশ^রগঞ্জের ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন বিচারকের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

যাদের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ হয়েছে তারা হলেন, শহিদুল্লাহ ফকির (৭২), শেখ আবুল হাশেম (৮২), হাবিবুর রহমান ওরফে মেনু মিয়া (৭৮), মো. তারা মিয়া (৭০), মো. রুস্তম আলী (৮১), মো. আব্দুল হান্নান (৬৮), মো. হাশিম উদ্দিন ওরফে আবুল হাশেম (৬৫), মো. আব্দুল মান্নান ওরফে মান্নান কারি (৯২), মো. কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনসারী (৭০), মো. নুর উদ্দিন (৮৮), সেলিম উদ্দিন (৯০) ও সৈয়দ মোস্তাফিজুর রহমান (৭২)। আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও তাপস কান্তি বল।

প্রসিকিউটর তাপস কান্তি বল দেশ রূপান্তরকে জানান, গত বছরের ১১ ফেব্রুয়ারি  এ মামলাটির তদন্ত শুরু হয়। আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ১৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করে। তাদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯৭১ সালের সেপ্টেম্বরে ঈশ^রগঞ্জের বারইকান্দা গ্রামের একজনকে অপহরণ এবং পরে নির্যাতন করে হত্যা, ওই বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে ঈশ^রগঞ্জের চরনিখলা গ্রামের বাবা ছেলেসহ তিনজনকে হত্যা, একই বছরের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে একজনকে হত্যা এবং ওই বছরের মধ্য নভেম্বরে ঈশ^রগঞ্জের কাঁঠালিয়া গ্রামের একজনকে  অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। তাপস কান্তি বল বলেন, কয়েক দিন আগে আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ সমেত প্রতিবেদন দাখিল করা হয়। আমাদের কাছে মনে হয়েছে আসামিরা পালিয়ে যেতে পারে। সেজন্য প্রসিকিউশনের পক্ষে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশের আবেদন করা হয়। শুনানি নিয়ে ট্রাইব্যুনাল এই ১২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দিয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত