ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দু অধ্যুষিত জেলেপল্লীতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার ‘হোতাদের একজনকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
গতকাল শুক্রবার রাতে মোবাইল ফোনে পাঠানো র্যাবের এক বার্তায় বলা হয়, ‘রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগ ঘটনার অন্যতম হোতাকে র্যাব গ্রেপ্তার করেছে।’ তবে তার নাম বা কোথা থেকে কখন গ্রেপ্তার করা হয়েছে, কিংবা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সেসব তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি র্যাব।
তাদের বার্তায় বলা হয়, আজ শনিবার রাজধানীর কারওয়ানবাজারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে।
দুর্গাপূজার সময় ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জের ধরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়। এর মধ্যে গত ১৭ অক্টোবর রাতে ফেইসবুকে এক তরুণের ধর্ম অবমাননার অভিযোগ উঠলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে হিন্দুদের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল লোক। ফেইসবুকে পোস্ট দেওয়া সেই তরুণসহ এ ঘটনায় জড়িত সন্দেহে ৫৭ জনকে গ্রেপ্তার করার কথা এর আগে পুলিশ জানিয়েছিল। তাদের ৩৮ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও পেয়েছে।
