পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় বিশাল রায় (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে সম্বন্ধী তাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার সকাল সাতটার দিকে ওই এলাকার হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত বিশাল পাবনা পৌর শহরের অনন্ত বাজার দক্ষিণ রামপুর মহল্লার উত্তম রায়ের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত বিশালের সম্বন্ধীর নামও বিশাল। শনিবার সকালে ভগ্নিপতি বিশাল বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে সম্বন্ধী বিশালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভগ্নিপতি বিশালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে পালিয়ে যায় তার সম্বন্ধী। আহত বিশালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
