টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স আহামরি নয়। তার ওপর আগস্টে বাংলাদেশ সফরে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারে এবারের অস্ট্রেলিয়াকে পাত্তা দিচ্ছিল না কেউ। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে টুর্নামেন্ট শুরু করল অজিরা। আবুধাবিতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১১৮ রানে আটকে দিয়ে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল।
ব্যাটিংয়ে আমন্ত্রিত দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে রাখেন এইডেন মার্করাম। ৩ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪০ রান করেন, যা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় ম্যাচ সর্বোচ্চ। ৯৮ রানে ৮ উইকেট হারানোর পর কাগিসো রাবাদার ১৯ রানে লজ্জার হাত থেকে বাঁচে দক্ষিণ আফ্রিকা। ৮১ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে প্রোটিয়ারা আশায় ছিল ১১৮-তেই না জয় পেয়ে যায় তারা। কিন্তু স্টয়নিস ও ওয়েড তা হতে দেননি। ম্যাচটাকে শেষ ওভারে নিয়ে যেতে পারাটাকে বড় প্রাপ্তি টেম্বা বাভুমার কাছে। মাথা ঠান্ডা রেখে ষষ্ঠ জুটিতে জয় এনে দেওয়ায় অজি অধিনায়ক স্টয়নিস ও ওয়েডকে কৃতিত্ব দিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
দ. আফ্রিকা : ২০ ওভারে ১১৮/৯ (মার্করাম ৪০, রাবাদা ১৯*; জাম্পা ২/২১)। অস্ট্রেলিয়া : ১৯.৪ ওভারে ১২১/৫ (স্মিথ ৩৫, স্টয়নিস ২৪*; ওয়েড ১৫*; নরকিয়া ২/২১)। ফল : অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা : জশ হ্যাজেলউড।
