সাংবাদিকদের তথ্যমন্ত্রী

কুমিল্লার ঘটনা কীভাবে ঘটেছে বিএনপিই জানে

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৩:৫৮ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল সাহেবের কথা শুনে মনে হয়, কুমিল্লার ঘটনা কীভাবে ঘটানো হয়েছে তা তাকে জিজ্ঞাসা করলেই ভালো জানা যাবে। গতকাল শনিবার দুপুরে ঢাকার মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।কুমিল্লার ঘটনায় সরকারকে দোষারোপ করে এবং কক্সবাজারে ইকবালের গ্রেপ্তার হওয়া নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথম থেকেই মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের ধরন হচ্ছে, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ এবং মনে হচ্ছে তিনিই ভালো বলতে পারবেন ইকবালকে কারা কক্সবাজারে পাঠিয়েছে। যারা এ ঘটনায় ইন্ধন দিয়েছে, তারাই ইকবালকে কক্সবাজার পাঠিয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনা ঘটিয়ে আবার বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে।’

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ও দ্রুততম ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব ঘটনায় একশর বেশি মামলা হয়েছে। কয়েকশ’ ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এবং পূজামণ্ডপে যে কোরআন শরিফ রেখে এসেছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদে বাকি তথ্য বেরিয়ে আসবে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘স্বল্পতম সময়ে পীরগঞ্জে পোড়া ঘরগুলো মেরামত, নতুন ঘর নির্মাণ এবং সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের অর্থ এবং খাদ্য সহায়তা দেওয়া হবে। তাছাড়া সরকার যখন দ্রুততম সময়ে এসব ব্যবস্থা নিয়েছে, তখন বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধগোষ্ঠী যারা ঘটনা ঘটিয়েছে, তারা ক্রমাগত মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত