ভালো রানের উপায় খুঁজছেন পোলার্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১২:৩৯ এএম

দলে এক ঝাঁক তারকা। সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নের তকমা। তাই উইন্ডিজকে নিয়ে বাড়তি প্রত্যাশা অনেকেরই। কিন্তু প্রথম ম্যাচেই রীতিমতো হতাশ করেছে দলটি। অলআউট হয়েছে মাত্র ৫৫ রানে। অধিনায়ক কাইরন পোলার্ড বললেন, এভাবে অলআউট হওয়ার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। (৫৫ অলআউট) বিষয়টি অগ্রহণযোগ্য। টি-টোয়েন্টিতে উইন্ডিজের সর্বনিম্ন সংগ্রহ ৪৫, সেটিও ছিল ইংল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে। টি-২০ বিশ্বকাপে সর্বনিম্ন সংগ্রহও তারা ইংল্যান্ডের সঙ্গেই করল শনিবার। ম্যাচ শেষে পোলার্ড বলেন, ‘এটা শব্দে ব্যাখ্যা করার জায়গা নেই। ৫৫ রানে অলআউট হয়ে যাওয়া অগ্রহণযোগ্য। আমরা এটা গ্রহণ করছি, দায়িত্বও নিচ্ছি। এই ধরনের খেলা আমাদের ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না এটা কোনো অস্বস্তি তৈরি করবে।’

উইন্ডিজ এবার বিশ্বকাপ মিশন শুরু করার পর থেকে কোনো জয় পায়নি। দুই প্রস্তুতি ম্যাচেও হেরেছে উইন্ডিজ। সেই দুই ম্যাচেও দলের মূল সমস্যা ছিল ব্যাটিং। পাকিস্তানের সঙ্গে নির্ধারিত ওভারে উইন্ডিজ করে ৭ উইকেটে ১৩০ রান। আফগানিস্তানের সঙ্গে ১৯০ রানের লক্ষ্যে নেমে তোলে ৫ উইকেটে ১৩৩ রান। ‘কখনো কখনো প্রস্তুতি ম্যাচগুলোতে প্রতিযোগিতাটা বেশি থাকে না। যদিও আফগানিস্তান ও পাকিস্তান জিতেছে। আমাদের এ থেকে বের হয়ে আসার উপায় খুঁজতে হবে। আমরা তিনটি ম্যাচেই ব্যাটিং ভালো করিনি। আমাদের ভালো (বড়) রান করার উপায় খুঁজতে হবে।’ বলছিলেন পোলার্ড। এমন ব্যাটিংয়ের পরও নিজেদের সেরা একাদশটাই খেলেছে বলে মনে করেন পোলার্ড। ‘আমরা মনে করেছি এটাই আমাদের সেরা একাদশ প্রথম ম্যাচটা জেতার জন্য। আমরা ৫০-এর কাছাকাছি (৫৫) রানে অলআউট হয়ে গেছি কিন্তু এটা একদম সবকিছু বদলে দেয় না। আমাদের এটা ভুলে যেতে হবে এবং আরও শক্তিশালীভাবে ফিরে আসতে হবে।’ পরিকল্পনা থাকলেও সেটার সঠিক বাস্তবায়ন করতে পারেননি বলেই মনে করেন পোলার্ড। ‘আমরা দ্রুতই কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিলাম আর আশা করেছিলাম কয়েকটা ওভার খেলে শেষ দিকে কিছু করা যায় কি-না। কিন্তু আমরা ক্রমাগত উইকেট হারিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত