শীর্ষ পাঁচ সহনশীল অর্থনীতির একটি বাংলাদেশ

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০১:২৭ এএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বের শীর্ষ ৫ সহনশীল অর্থনীতির মধ্যে বাংলাদেশ একটি।  মহামারীর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ যখন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি ততটা কমেনি।

গতকাল রবিবার অর্থমন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। দুটি ভূগর্ভস্থ বেইজমেন্টসহ ১২ তলা বিশিষ্ট এ ভবন নির্মাণে ব্যয় হবে ৩৮ কোটি ৬৩ লাখ। এটি হবে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের স্থায়ী দপ্তর।

মুস্তফা কামাল বলেন, কভিড-১৯ মহামারীকালে গত বছর বৈশ্বিক অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হয়েছে, এমন ক্রান্তিকালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বাংলাদেশ শীর্ষ পাঁচটি সহনশীল অর্থনীতির মধ্যে রয়েছে।

তিনি বলেন, গত মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদ সভার টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলন ২০২১-এ আমাদের উন্নয়ন প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রীকে এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।

অর্থমন্ত্রী বলেন, এটি অত্যন্ত আশাব্যঞ্জক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র এনজিওর মাধ্যমে সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া, অসহায়, অতি দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। প্রায় সাড়ে সাত হাজার গ্রামে ১১২০টি এনজিও (সহযোগী সংস্থা) ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হতদরিদ্র মানুষের সেবা করে যাচ্ছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কভিড-১৯ পরিস্থিতিতে বিশেষ ঋণ কর্মসূচি হিসেবে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। আশা করছি, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ভবিষ্যতেও অসহায় জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত