চলে গেলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০১:৫৭ এএম

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় মাহমুদ সাজ্জাদের ছোট ভাই কেএম খালিদ বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন এবং মেজো ভাই ম হামিদ বাংলাদেশের টেলিভিশনের সাবেক মহাপরিচালক ছিলেন। তার স্ত্রী মমতাজ বেগম; উপল ও অঞ্জন নামে তাদের দুই সন্তান রয়েছে।

পরিবারের পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ তার বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহমুদ সাজ্জাদ করোনাভাইরাস-পরবর্তী জটিলতা নিয়ে গত ১ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর থেকে মৃত্যুর আগপর্যন্ত তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

গতকাল দেশ রূপান্তরকে নাট্যব্যক্তিত্ব ম হামিদ বলেন, ‘সেপ্টেম্বর মাসের শুরুর দিকে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন মাহমুদ সাজ্জাদ। পরে করোনা নেগেটিভ আসে। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তাকে আইসিইউতে রাখতে হয়। তার চিকিৎসায় বেশ কয়েকবার মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হলো না।’

আজ সোমবার বেলা ১১টায় মাহমুদ সাজ্জাদের মরদেহ সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে মরদেহ নেওয়া হবে ময়মনসিংহে পৈতৃক বাড়িতে। সেখানে জানাজার পর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দেশবরেণ্য এ অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা, নাট্য সংগঠন পালাকার, অনুস্বর, সাহিত্য একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

মাহমুদ সাজ্জাদ কলেজজীবন থেকেই মঞ্চনাটকে যুক্ত ছিলেন। নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকেও। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। পরিচালক জহির রায়হানের ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত