সাংবাদিকদের ডিকসন

বাংলাদেশে সব ধর্মের লোক শান্তিতে বাস করছে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০১:৫৮ এএম

বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। গতকাল রবিবার দুপুরে সাভারের কবিরপুর এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলাকারীদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তা সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি এটি শুধু বাংলাদেশের নয় সবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে মানুষের স্বাধীনতার কথা, বিশ্বাসের স্বাধীনতার কথা, মানুষের অধিকারের কথা এবং সকল ধর্মের সমান অধিকারের কথা স্পষ্ট করা আছে।’ এছাড়া বাংলাদেশের শ্রমিকদের দক্ষ ও পরিশ্রমী উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজনীয় সুযোগসুবিধা দিলে তারা কাজের মান আরও ভালো করবে।

বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর ও বেক্সিমকো টেক্সটাইল, অ্যাপারেলস ও পিপিই ডিভিশনের সিইও সৈয়দ নাভেদ হোসেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রতিনিধিদলকে বেক্সিমকো শিল্প পার্কে স্বাগত জানান। পরে ব্রিটিশ প্রতিনিধিদল বেক্সিমকো পিপিই পার্কের ভেতরে আধুনিক পিপিই উৎপাদন সুবিধা ও একই প্রাঙ্গণে অবস্থিত সেন্টার অব এক্সেলেন্স ইন্টারটেক ল্যাব পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলের কাছে বেক্সিমকো পিপিই টিম স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য হাসপাতাল গ্রেড গাউন, কভারঅল, সার্জিক্যাল মাস্ক, রেসপিরেটর এবং নন-ওভেন কাপড় তৈরির অত্যাধুনিক উৎপাদন সুবিধা তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত