দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভাত কম খাওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রতি প্রায় ২০০ গ্রাম চাল খেয়ে থাকেন। কিন্তু আমাদের দেশে চাল খাওয়ার পরিমাণ প্রায় ৪০০ গ্রাম। এটা কমিয়ে আনতে পারলে আমাদের যে চালের উৎপাদন, সেটাকে টেকসই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।’
গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ৫০ বছর : কৃষির রূপান্তর ও অর্জন’ শীর্ষক কৃষি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘করোনা মহামারী সত্ত্বেও এ দেশের মানুষ না খেয়ে নেই। এ সময়ে আমাদের বড় চ্যালেঞ্জ পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের জোগান দেওয়া এবং কৃষির আধুনিকায়ন করা।’
কৃষিপণ্য রপ্তানির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘থাইল্যান্ড, ভিয়েতনাম প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে বড় আয় করে। সেখানে আমরা অনেক পিছিয়ে আছি।’
প্রথম অধিবেশনে ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর ক্যাথরিন ডেভিস স্টিভেন্স, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আবাসিক প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন প্রমুখ বক্তব্য দেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) এবং দৈনিক বণিক বার্তা যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।
