ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৮৯০ সালের ২৬ অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণ করেন। ১৯১৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার অধ্যাপক পদে নিযুক্ত হন। ১৯১৯ সালে তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে লন্ডন যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ফোনেটিক্সে ডিপ্লোমা ও ডিলিট (১৯২১) ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল ‘বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ’। লন্ডনে তিনি ধ্বনিতত্ত্ব, ইন্দো-ইউরোপীয় ভাষাতত্ত্ব এবং প্রাকৃত, ফারসি, প্রাচীন আইরিশ, গোথিক ইত্যাদি ভাষা শেখেন। সেখান থেকে তিনি প্যারিস যান এবং সরবোন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আর্যভাষাতত্ত্ব, স্ল্যাভ ও ইন্দো-ইউরোপীয় ভাষাতত্ত্ব, গ্রিক ও লাতিন ভাষা ইত্যাদি বিষয়ে গবেষণা করেন। ১৯২২ সালে দেশে ফিরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষাতত্ত্বের ‘খয়রা অধ্যাপক’ নিযুক্ত হন। সুনীতিকুমার রবীন্দ্রনাথের সঙ্গে মালয়, সুমাত্রা, জাভা, বালি ও শ্যামদেশ ভ্রমণ করেন এবং এসব স্থানে ভারতীয় শিল্পসংস্কৃতি সম্পর্কে বক্তৃতা করেন। ১৯৫২-৬৮ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ ছিলেন। ভাষাতত্ত্ব এবং সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ভারত সরকার তাকে ‘পদ্মবিভূষণ’ উপাধিতে ভূষিত করে। ১৯৭৭ সালের ২৯ মে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।
×
