একটি পালাগানে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউলশিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গতকাল সোমবার অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত। একই সঙ্গে আগামী ২৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। এর মাধ্যমে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। রিতা দেওয়ান ছাড়া মামলার অপর দুই আসামি হলেন শাজাহান ও ইকবাল হোসেন।
গতকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অপরদিকে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম চার্জ গঠনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।
২০২০ সালের ৩১ জানুয়ারি ইমরুল হাসান নামে এক আইনজীবী রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। মামলার আর্জিতে বলা হয়েছে, সম্প্রতি একটি পালাগানের আসরে রিতা দেওয়ান ‘মহান আল্লাহকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন’। আর তা ইউটিউবে ছড়িয়ে পড়ে। মামলার পরদিন রিতা দেওয়ান ইউটিউবে এসে ক্ষমা চেয়েছিলেন।
বাদীর জবানবন্দি গ্রহণের পর ট্রাইব্যুনালের বিচারক অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত বছর ২০ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে পিবিআই প্রতিবেদন দাখিল করে। এরপর গত ২ ডিসেম্বর ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। গত ১৩ জানুয়ারি রিতা দেওয়ানসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
