কুমিল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনকে নিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। হনুমানের হাতের গদাটি উদ্ধার করা হয়।
গত রবিবার রাত সাড়ে ১১টায় ইকবালকে সঙ্গে নিয়ে নগরের দারোগাবাড়ি মাজারসংলগ্ন জঙ্গল থেকে গদাটি উদ্ধার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, রিমান্ডে ইকবালের দেওয়া তথ্যে পুলিশ তাকে নিয়ে অভিযানে যায়। দারোগাবাড়ি মাজারসংলগ্ন এলাকার একটি জঙ্গল থেকে গদাটি উদ্ধার করা হয়।
এর আগে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল হোসেন গদাটি নিয়ে নানুয়াদিঘি পশ্চিমপাড় দিয়ে হেঁটে দারোগাবাড়ি মাজারের সড়কে ঢুকে পড়ে। এর প্রায় এক ঘণ্টা আগে তাকে মসজিদ থেকে একটি কোরআন নিয়ে বের হতে দেখা যায়।
এর আগে গত শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে ইকবালসহ চারজনকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে।
গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২২ অক্টোবর দুপুরে তাকে কুমিল্লা পুলিশ লাইনসে আনা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল কোরআন রাখার কথা স্বীকার করে।
