বর্ণবাদবিরোধী আন্দোলনে একাত্ম নন

খেললেন না ডি কক

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:৪০ এএম

দক্ষিণ আফ্রিকা গতকাল জিতেছে তাদের মূল ব্যাটসম্যান কুইন্টন ডি কককে ছাড়াই। এই উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাচের আগে হঠাৎ করে নিজেকে সরিয়ে নেন। টসের সময় অধিনায়ক টেম্বা বাভুমা জানান, ‘ব্যক্তিগত কারণে’ উইন্ডিজের বিপক্ষে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডি কিক। কিন্তু কিছুক্ষণ পর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দেওয়া এক বিবৃতিতে পরিষ্কার হয়ে গেছে, ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশে অস্বীকৃতি জানিয়েই এ ম্যাচে খেলেননি ডি কক। এটাকে ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ উল্লেখ করে সিএসএ বলেছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত আসবে এ ব্যাপারে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে কুইন্টন ডি ককের হাঁটু গেড়ে বসে ব্ল্যাক লাইভ ম্যাটারস আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশে অস্বীকৃতি জানানোর বিষয়টি আমলে নিয়েছে সিএসএ। সোমবার সন্ধ্যায় বর্ণবাদের বিপক্ষে সামঞ্জস্যপূর্ণ ও ঐক্যবদ্ধ অবস্থানের জন্য সিএসএর নির্দেশনায় সব খেলোয়াড়ের জন্যই এটি বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্বজুড়ে খেলোয়াড়রা এটা করে আসছেন, সবাইকে একত্র করার যে শক্তি আছে খেলার, সেটাই এখানে বোঝানো হচ্ছে।’ এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএসএ জানিয়েছিল, ‘এ ব্যাপারে খেলোয়াড়ের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়সহ সবকিছু বিবেচনা করার পর বোর্ড এটা পরিষ্কার করেছে, দক্ষিণ আফ্রিকার ইতিহাসের কারণেই এটা বাধ্যতামূলক করা হয়েছে। দৈনন্দিন জীবনে বৈচিত্র্য থাকা দরকার হলেও বর্ণবাদের বিপক্ষে এর স্থান নেই।’ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা সবাই হাঁটু গেড়ে বসলেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বিভিন্ন ভঙ্গিতে দেখা গিয়েছিল। এর আগেও আন্তর্জাতিক ম্যাচে হাঁটু গেড়ে, মুষ্টিবদ্ধ হাত তুলে বা দাঁড়িয়ে বর্ণবাদের বিপক্ষে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তবে ডি কক করেননি কোনোটিই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত