বরিশালে গনি মোল্লা হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেস ক্লাবে ওই সংবাদ সম্মেলন হয়।
গত ১০ অক্টোবর বরিশালের হিজলা উপজেলার মান্দ্রাচর কুশুরিয়া গ্রামে জমি ও ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন গনি মোল্লা (৬১)।
পরদিন উন্নত চিকিৎসার জন্য গনি মোল্লাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পুনরায় হামলা চালায় পতিপক্ষ। এতে গত বুধবার ২০ অক্টোবর মৃত্যু হয় গনি মোল্লার।
এ ঘটনায় নিহতের স্ত্রী হাজেরা বেগম হিজলা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ করেন হাজেরা। তবে হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, হামলা এবং মৃত্যুর ঘটনার অভিযোগ নিয়ে কেউ আমাদের কাছে আসেনি, আমরা খবর পেয়ে মৃত্যু নিয়ে রহস্য থাকায় একটি সাধারণ ডায়েরি করে মরদেহ ময়নাতন্তের জন্য মর্গে পাঠাই।
